‘২০১৬ সালের আগে অসমে আরও বেশি রকফেস্ট হত’ বিজেপির কনসার্ট-সংক্রান্ত বয়ানকে চ্যালেঞ্জ কংগ্রেসের

35

নিউজ ডেস্ক: হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই অসমে বেশ কয়েকটি বড় রক উৎসব এবং আন্তর্জাতিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, দাবি কংগ্রেসের।


অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ‘আধুনিক রক মসিহা’ হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে সমাজমাধ্যমে কংগ্রেস মুখপাত্র রীতম সিং চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে অসমে রক এবং লাইভ মিউজিকের একটি সমৃদ্ধ পরিবেশ ছিল।


রীতম সিং লিখেছেন, আজকের তুলনায় ২০০১-২০১৬ সালের মধ্যে অসমে অনেক বেশি রক উৎসব আয়োজিত হত। তিনি প্রশ্ন তোলেন, যে বিষয়টির অভিজ্ঞতা অসমের মানুষ আগেই পেয়েছে, তার কৃতিত্ব কেন মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে?


অতীতে আয়োজিত বিভিন্ন সংগীতানুষ্ঠানের উদাহরণ হিসেবে তিনি আইআইটি গুয়াহাটির ‘আলচেরিঙ্গা’, আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ‘পাইরোকাইনেসিস’, শিল্পগ্রামে আয়োজিত ‘গুয়াহাটি ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘কিংফিশার পাবরকফেস্ট’-এর প্রসঙ্গ উল্লেখ করেন।


তিনি আন্তর্জাতিক শিল্পীদের পারফরম্যান্সের কথাও স্মরণ করিয়ে দেন, যার মধ্যে রয়েছে ২০১০ সালের একটি অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেওয়া সুইস ফোক মেটাল ব্যান্ড ‘এলুভেইটি’ এবং গিটারবাদক মাইকেল অ্যাঞ্জেলো ব্যাটিও।


ক্যাপ্টেন জিন্টু গগৈয়ের স্মরণে আয়োজিত ‘রকারোলা’ উৎসবে ড্যানিশ ডেথ মেটাল ব্যান্ড ‘ডন অফ ডেমাইজ’ এবং ব্রিটিশ ব্যান্ড ‘সাইফার১৬’ অংশ নিয়েছিল। এ ছাড়া এই আয়োজনে ‘আলোবো নাগা অ্যান্ড দ্য ব্যান্ড’, ‘ক্রনিক জর্ন’, ‘মিডনাইট গার্ডেন ফ্যাক্টর’, ‘জুডাস অ্যানসেস্ট্রি’ এবং ‘ডার্ক কার্নেজ’-এর মতো আঞ্চলিক ব্যান্ডও পারফর্ম করেছিল।


সম্প্রতি অসমে মঞ্চ মাতানো অন্যান্য আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছে ‘মাইকেল লার্নস টু রক’—২০১৫ সালে সরুসজাইতে অনুষ্ঠান করেছিল; ‘গানস এন রোজেস’-এর প্রাক্তন গিটারবাদক গিলবি ক্লার্ক— যিনি ২০১৫ সালের অক্টোবরে গুয়াহাটিতে পারফর্ম করেছিলেন; এবং ব্যান্ড ‘পেন্টাগ্রাম’।


রীতম সিং আরও উল্লেখ করেন যে, ‘পরিক্রমা’— যারা আসন্ন ‘গানস এন রোজেস’ কনসার্টে মূল আকর্ষণ হিসেবে থেকেছে— তারা ২০১৩ সালে অসমে অনুষ্ঠান করেছিল এবং ২০১৬ সালে ‘ইউফোরিয়া’-র সঙ্গে একটি ট্যুরের অংশ হিসেবে ফের অসমে এসেছিল।
রীতম সিং আরও অভিযোগ করেন যে, হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের সঙ্গে যুক্ত একটি বিনোদন কোম্পানি এবং ইভেন্ট আয়োজক তারসেম মিত্তল বিপুল পরিমাণে কনসার্টের টিকিট কিনে নিয়েছিল এবং পরবর্তীতে সেগুলো অনানুষ্ঠানিক মাধ্যমে বিক্রি করেছিল। তবে তাঁর পোস্টে এই অভিযোগগুলোর সপক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি।


রীতম সিংহের অভিযোগ, আসামের রক সংস্কৃতি ও কনসার্ট সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে, যাতে ‘প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট’ একচেটিয়াভাবে কনসার্ট আয়োজন করতে পারে। তিনি আরও বলেন, কংগ্রেসের আমলে অনেক বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হত এবং স্থানীয় শিল্পীদের সহায়তা দেওয়া হত।