কনসার্ট অর্থনীতির পথে অসম

23

নিউজ ডেস্ক: পোস্ট মেলন কনসার্টের পর অসমে আসছে কিংবদন্তি মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেস। অসমের বিনোদন শিল্পকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সমাজমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, লাইভ পারফরম্যান্সের জন্য শিল্পীদের কাছে এখন অসম হয়ে উঠেছে অন্যতম প্রধান গন্তব্য।
শুধু ২০২৫ সালেই অসমে ৫৫টি লাইভ অনুষ্ঠান হয়েছে যেখানে শ্রোতা-দর্শকরা টিকিট কেটে অংশ নিয়েছিলেন। অন্যান্য বছরের অনুষ্ঠানের তুলনায় এই সংখ্যা ২২২ শতাংশ বেশি এবং দর্শক সংখ্যা বেড়েছে ১৮৮ শতাংশ, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছেন যে কয়েক বছর আগেও কেউ ভাবতে পারত না যে অসমে কনসার্ট অর্থনীতি হতে পারে, কিন্তু এখন অসম হয়ে উঠেছে শিল্পী ও আয়োজকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র।
অসমের ক্রম পরিবর্তনশীল সাংস্কৃতিক চিত্র, উন্নত ইভেন্ট পরিকাঠামো এবং লাইভ বিনোদন অনুষ্ঠানে দর্শকদের অংশগ্রহণ বৃদ্ধি হয়েছে, দাবি অসমের মুখ্যমন্ত্রীর।
কনসার্ট বৃদ্ধি এবং বৃহৎমাপের ইভেন্ট হলে অসমের পর্যটন শিল্পও চাঙ্গা হবে, এ ছাড়া রয়েছে হোটেল-রেস্তোরাঁর ব্যবসা। উত্তর-পূর্ব ভারতে শিলংয়ের পর গুয়াহাটি হয়ে উঠেছে এখন কনসার্ট সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।