পাকিস্তানে জুম্মার নামাজে আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত শতাধিক

23

নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ সদর দপ্তর এবং ওল্ড পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। জুমার নামাজের সময় ঘটা এই আত্মঘাতী বোমা হামলা এবং পরবর্তীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যকার দীর্ঘ বন্দুকযুদ্ধে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই পুলিশ সদস্য এবং বাকিরা সাধারণ পুণ্যার্থী বা বেসামরিক নাগরিক। আহত হয়েছেন এখনো পর্যন্ত শতাধিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোহাটের ওল্ড পুলিশ লাইন্স কমপ্লেক্সের ভেতরের মসজিদে যখন জুম্মা নামাজ চলছিল, ঠিক তখন বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তেই মসজিদের ছাদ এবং দেয়ালের একাংশ ধসে পড়ে, যার নিচে চাপা পড়েন বহু মুসল্লি।

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর একটি উপদল ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।