নিউজ ডেস্ক: মাওবাদী দমনে রাজ্য পুলিশের হাতে এল আরও এক বড় সাফল্য। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে শীর্ষ মাও-নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই, এবার পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে ধরা পড়লেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ দুই মাওবাদী সদস্য। ধৃতদের নাম রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো (ওরফে মঙ্গল) এবং তাঁর স্ত্রী মালতী মুর্মু ওরফে মালা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজু মাহাতোর মাথার ওপর ৫ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী মালতী মুর্মুর মাথার ওপর ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এই দম্পতি। জঙ্গলমহলে মাওবাদী সংগঠনকে নতুন করে সক্রিয় করার পেছনে এই যুগলের বড় ভূমিকা ছিল বলে মনে করছে পুলিশ। তাঁদের এই গ্রেফতারিকে মাওবাদী নেটওয়ার্কের কোমর ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি মস্ত বড় জয় হিসেবে দেখছেন গোয়েন্দারা।