নিউজ ডেস্ক: নগাঁও লোকসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে চামগুড়ি। কংগ্রেস নেতৃত্বের গাড়ি আক্রমণ করে বিজেপির লোকজন, অভিযোগ গৌরব গগৈয়ের। সেই গাড়িতে ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী শিবমণি বরা, এআইসিসি সচিব মনোজ চৌহান এবং গৌরব গগৈ স্বয়ং।
হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে গৌরব গগৈ বলেছেন, অসম পুলিশ গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্রে গিয়ে তদন্ত করতে পারে, কিন্তু চামগুড়িতে ইট-পাথর যারা ছুড়ল তাদের দেখতে পায় না। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন গৌরব গগৈ। সেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের গাড়ির ওপর হামলা করছে কিছু লোক। এ ছাড়া কংগ্রেসকর্মীদের ওপর আক্রমণের ভিডিয়ো দেখা যাচ্ছে সমাজমাধ্যমে। কাচ ভাঙা একটি গাড়ির ভিডিয়ো পোস্ট করে গৌরব গগৈ লিখেছেন যে এই গাড়িতে ছিলেন এআইসিসি সচিব মনোজ চৌহান, ইটের আঘাত লেগেছে তাঁর। এইসঙ্গে গৌরব গগৈয়ের অভিযোগ, প্রার্থী শিবমণি বরাকে এখনও পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়নি।
নগাঁওতে ভূপেশ বাঘেল বলেন, বর্তমানে নগাঁও লোকসভা উপনির্বাচনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের মধ্যে আতাঁত স্পষ্ট হয়ে উঠেছে। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন, সে বিষয়ে বাঘেল বিস্তারিত কিছু জানাননি। নগাঁও উপনির্বাচনে কংগ্রেস এবং বিজেপি-নেতৃত্বাধীন জোট জোরদার প্রচার চালাচ্ছে।
Prev Post