কসবার মলে ‘শ্লীলতাহানি’, গ্রেফতার ৬

18

পৃথা দাশগুপ্ত: কসবার অ্যাক্রোপলিস শপিং মলে সিনেমা দেখতে গিয়ে কটূক্তির শিকার। বিস্ফোরক অভিযোগ এক তরুণী ও তাঁর স্বামীর। সিনেমা হলের ভেতরে তরুণীর উদ্দেশে অশালীন মন্তব্য ও কুরুচিকর আচরণের অভিযোগ ।‌ প্রতিবাদ করলে দম্পতীকে বেধড়ক মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। কসবা থানা ৬ জন যুবককেই গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় অভিযোগকারিণী তরুণী তাঁর স্বামী এবং বন্ধুদের সঙ্গে নিয়ে কসবার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান। সিনেমা চলাকালীন হলের ভেতরেই আচমকা ৫-৬ জনের একটি যুবকদের দল তরুণী ও তাঁর মহিলা বন্ধুদের লক্ষ্য করে কুরুচিকর ইঙ্গিত করেন।

হলের ভেতর প্রকাশ্যে এই অসভ্যতামির প্রতিবাদ করতেই শুরু হয় তীব্র গন্ডগোল। তৎক্ষণাৎ ওই দম্পতির ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন ওই যুবকরা। ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ ।‌

অভিযোগ , পুলিশের সঙ্গে তর্কাতর্কি, চরম অসভ্যতা দুর্ব্যবহার করে অভিযুক্তরা। পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ৬ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। দম্পতির লিখিত অভিযোগের ভিত্তিতে ৬ জনকেই গ্রেফতার করা হয়।