৩৫ বছর পর বাংলাদেশ পেল ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি

32

নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট ২০২৬ সালে বাংলাদেশ পেল ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শেষ বার ভোট হয়েছিল ১৯৯১ সালে। সেই সময় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২টি ভোট। বৃহস্পতিবার বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ হয়। ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এর আগে ১৯৯১ সালের পর থেকে সব রাষ্ট্রপতি নির্বাচনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে আসছিল। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুলের প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদও তাঁর বিজয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্য ও চীনও রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ফখরুলকে অভিনন্দন জানিয়েছে।