ভোট মিটতেই ফের অশান্ত বীরভূমের নানুর

9

১৮মে, নিউজ ডেস্ক: ভোট মিটতেই ফের অশান্ত বীরভূমের নানুর। এবার জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নানুরের আদিত্যপুর ও বনডাঙ্গা সংলগ্ন এলাকা। অভিযোগ, একটি ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে জোর করে মাটি কাটছিল কয়েকজন যুবক। সেই ঘটনায় বাধা দিতেই ভয়াবহ হামলার মুখে পড়তে হয় জমির মালিক নবকুমার লোহার ও তাঁর পরিবারকে।

আক্রান্তদের অভিযোগ, মাটি কাটতে নিষেধ করায় তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকান থেকে লাঠি,টাঙ্গি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয় ৫ থেকে ৬ জনের একটি দল। বেধড়ক মারধরে গুরুতর আহত হন নবকুমার লোহার এবং তাঁর দুই ছেলে সুবীর লোহার এবং অরিজিৎ লোহার। বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিন জন।

এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। আক্রান্ত পরিবারের অভিযোগ,হামলাকারীরা আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিল। ভোটের ফল প্রকাশের পর রাতারাতি বিজেপির নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছে বলেও দাবি আক্রান্ত পরিবারটির। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে আক্রান্ত পরিবারটি।