আর জি করের সেমিনার হল ছাড়াও সিল করতে হবে সন্দীপ ঘোষের অফিস, নির্দেশ কলকাতা হাইকোর্টের

31

পৃথা দাশগুপ্ত ,কলকাতা : আরজি কর হাসপাতালের সেমিনার হলের পাশাপাশি যে যে জায়গা সিল করার দরকার সেগুলো অবিলম্বে সিল করে দিতে হবে। সিবিআইকে কড়া নির্দেশ বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আরজি কর হাসপাতালের সমগ্র ঘটনাস্থলকে সিল করে দিতে হবে।

২০২৪-এর অগস্টে আরজি কর হাসপাতালে কর্মরত হিসেবে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ মেট্রোপলিটন আদালত। তবে আরজি করের ওই ঘটনার আরও পূর্ণাঙ্গ তদন্ত নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান আরজি করের ঘটনাস্থলের সিল খোলা হয়েছে কি না ? খোলা হলে সেটা কার নির্দেশে? কেন খোলা হয়েছে? হাইকোর্টের নির্দেশ, দ্রুত ঘটনাস্থল সিল করুক সিবিআই। ঘটনাস্থল সিল করার পর সামগ্রিক রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।

সওয়াল জবাবে সিবিআইৃএর আইনজীবী জানান, সেমিনার হল সিল করা আছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী পাল্টা জানান, ওই ভবনের সপ্তম তলায় যেখানে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসতেন সেই অফিস এখনও খোলা রয়েছে। তখন ক্ষুব্ধ বিচারপতিরা প্রশ্ন করেন, তদন্তের স্বার্থে অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন রয়েছে বলে কি মনে হয়নি সিবিআইয়ের? তারপরই সিবিআইকে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যেখানে যেখানে প্রয়োজন সমস্তটাই সিল করে দিতে হবে সিবিআইকে, যত দ্রুত সম্ভব ‌। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি