শোভনদেবের মামলায় ঋতব্রত শিবিরকে প্রশ্ন কলকাতা হাই কোর্টের

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় আজ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার স্পিকারকে প্রথম যখন চেয়ারে বসানো হয় তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা-তৃণমূলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরেন। তাঁরা দু’জন মিলে রথীন্দ্র বসু অর্থাৎ স্পিকারকে চেয়ারে বসান।

মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায় যদি বিরোধী দলনেতা না হন, তাহলে তাঁর সঙ্গে কেন ছবি তুললেন শুভেন্দু অধিকারী ? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, “এটা স্পষ্ট দেখা গিয়েছে, তিনি মামলাকারীর হাত ধরে আছেন। সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?”

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর জবাব, স্পিকারকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শোভনদেবের হাত ধরাটা ছিল সৌজন্য। ওই সময় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে কোনও বিরোধী দলনেতা নিযুক্ত ছিলেন না। মুখ্যমন্ত্রী সেখানে ‘লিডার অফ দ্য হাউস’ হিসেবে উপস্থিত ছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন বিধানসভার প্রবীণতম বিধায়ক। সংসদীয় রীতি মেনেই তাঁকে সঙ্গে নিয়ে স্পিকারকে চেয়ারে বসানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত ধরা ছিল নিছক সৌজন্য।

এরপরই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাও। তাঁর মন্তব্য, “প্রবীণ বিধায়ককে নিয়ে কেন ‘ছেলেখেলা’ করা হচ্ছে! আজ ওঁকে বিরোধী দলনেতা, কাল অন্য কেউ! প্রবীণ বলে কেন তাঁকে টানলেন? আবার কোথায় টানলেন?” যদিও এর স্পষ্ট কোনও ব্যাখ্যা পায়নি আদালত।

আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা ।‌