রিপুন বরার বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ বিজেপি ছাড়লেন সীমান্ত শেখর

31

নিউজ ডেস্ক: রিপুন বরার বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ গুয়াহাটি হাইকোর্টে। ড্যানিয়েল টপ্নো হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রিপুন বরা। সেই মামলায় নিম্ন আদালত অব্যাহতি দেয় রিপুন বরাকে। সেই রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে গিয়েছিল সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের আবেদন খারিজ করে দেয় গুয়াহাটি হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতের রায়ই বহাল রইল।
চা-জনজাতির নেতা ড্যানিয়েল টপ্নো খুন হয়েছিল ২০০০ সালের সেপ্টেম্বরে। ২০০১ সালে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই এবং মামলায় অভিযুক্ত হন অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী রিপুন বরা। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কামরূপ জেলা আদালত রিপুন বরাকে খুনের মামলায় বেকসুর খালাস ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আবেদন করেছিল সিবিআই যা মঙ্গলবার খারিজ হয়ে গেল।
এদিকে, অসমের ফিল্ম ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কণ্ঠশিল্পী সীমান্ত শেখর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সীমান্ত শেখর বলেছেন, শুধু অসমের ফিল্ম ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পদই নয়, এইসঙ্গে আমি বিজেপির সদস্য পদও ত্যাগ করেছি। তবে এটা একান্তই ব্যক্তিগত কারণে, এর সঙ্গে বিজেপির মতাদর্শগত কোনও সম্পর্ক নেই।