ফের রাজ্যের আকাশে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ

16

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আজ ভোর থেকে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার দাপট শহর জুড়ে। উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপের শক্তি বাড়ছে। নিম্নচাপের অবস্থান আপাতত কলকাতার দক্ষিণ পশ্চিমে ৬৫০ কিমি দূরে। বিশাখাপত্তনম থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপটি। বঙ্গোপসাগরের ওপরই ১২ থেকে ১৬ ঘণ্টার মধ্যেই
তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আপাতত নিম্নচাপের অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ। সমুদ্র থেকে আরও শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে তার ল্যান্ডফল হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার গোপালপুরের মাঝে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বৃষ্টি কমলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা। পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।