প্রেসক্রিপশন ছাড়া মিলবে না সিরাপ!

37

নিউজ ডেস্ক: সাধারণ সর্দি-কাশি হলে দৌড়ে গিয়ে ফার্মাসি থেকে কাফ সিরাপ নিয়ে আসেন? তাহলে এখনই সতর্ক হোন। কারণ এখন থেকে আর চাইলেই মিলবে না কফ সিরাপ! মধ্যপ্রদেশ ও রাজস্থানে দূষিত কফ সিরাপ খেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর দেশজুড়ে ওষুধ বিক্রির নিয়মে ঐতিহাসিক বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

এখন থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে আর কোনও রকমের সিরাপই কেনা যাবে না। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে। অর্থাৎ, রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে থাকলে তবেই এই ধরনের সিরাপ কিনতে পারবেন গ্রাহকরা।

৯ জুন ‘ড্রাগস (ফিফথ অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’-এর অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র সরকার। সেখানে জানানো হয়েছিল, এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই কার্যকর হবে দেশ জুড়ে। সেই মতো মঙ্গলবার গেজেট নোটিফিকেশন জারি হতেই কার্যকর হল এই নিয়ম। এর ফলে দীর্ঘদিন ধরে ওভার-দ্য-কাউন্টার হিসেবে অর্থাৎ দোকানে গিয়ে চাইলেই ওষুধ বিক্রি হওয়া বহু সিরাপ এখন কঠোর নিয়ন্ত্রণের আওতায় চলে এল।

নতুন সংশোধনী অনুযায়ী, ১৯৪৫ সালের ড্রাগস রুলস-এর ‘সিডিউল কে’-এর সপ্তম ধারায় থাকা ‘সিরাপস’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাজারে যে সব ওষুধের বিক্রিতে সেই অর্থে কোনও শর্ত থাকে না, যা সহজেই কেনা যায় ওষুধের দোকান থেকে, সেই সব ওষুধের তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলেই প্রেসক্রিপশন ছাড়া যে কোনও ধরনের সিরাপ কেনা এখন থেকে সম্পূর্ণ বেআইনি। এই পরিবর্তনের ফলেই সিরাপজাতীয় ওষুধ আর প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। অর্থাৎ কফ সিরাপ বা অন্যান্য মেডিসিনাল সিরাপ কিনতে গেলে এখন গ্রাহকদের রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

কেন্দ্রের বক্তব্য, দূষিত সিরাপকে ঘিরে সাম্প্রতিক উদ্বেগ এবং শিশু মৃত্যুর ঘটনাগুলি ওষুধ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই এই পদক্ষেপ। সরকারের আশা, নতুন নিয়ম ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপব্যবহারও কমাবে।

এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এতদিন সর্দি-কাশি বা ছোটখাটো অসুস্থতায় অনেকেই সরাসরি ফার্মাসি থেকে কফ সিরাপ কিনে নিতেন। এখন সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হবে।

স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশের সমস্ত ওষুধের দোকান ও ফার্মাসিকে অবিলম্বে নতুন নিয়ম মেনে চলতে হবে। প্রেসক্রিপশন ছাড়া সিরাপ বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।