ED দফতরে রথীন ঘোষ, ‘কেন ডেকেছে জানি না’ দাবি রথীনের

20

১৫ মে ২০২৬: অবশেষে ED দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার প্রাক্তন বিধায়ক রথীন ঘোষ। শুক্রবার সকাল ১০ টা নাগাদ সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে এর আগে পাঁচবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুরসভায় চাকরি বিক্রির অভিযোগের তদন্তে নেমে পাঁচবার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ED তলব করলেও ভোটের কাজে ব্যস্ত বলে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছিলেন রথীন ঘোষ। এদিন CGO কমপ্লেক্সে ED-র দফতরে প্রবেশের আগে সাংবাদিকদের রথীন বলেন, ‘আমাকে কেন ডেকেছে জানি না। ভিতরে গেলে জানতে পারব।‘ ইতিমধ্যেই তাঁকে জেরা করতে শুরু করেছেন ED আধিকারিকেরা।

পুরো-নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ED ও CBI। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তারপর তাঁকে ফের তলব করা হলেও তিনি সাড়া দেননি। এবার ভোটের ফলপ্রকাশের পর ED-র মুখোমুখি হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী । এই মামলায় রথীনের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ED।

দিন যত এগোচ্ছে এক এক করে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলায় আর কারা জড়িত তা জানতে চাইছেন ED-র আধিকারিকেরা। রথীন ঘোষকে জেরা করে নতুন আর কোন তথ্য উঠে আসে সেদিকে তাকিয়েই রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছিল ED। আপাতত ED হেফাজতে রয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী। উল্লেখ্য সোনা পাপ্পুর মামলায় গতকালই ED-র হাতে গ্রেফতার হন কলকাতা পুলিশের DC শান্তনু সিংহ বিশ্বাসও। বৃহস্পতিবার সাড়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর তাঁকে গ্রেফতার করে ED। সুজিত বসু এবং DC শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতারের ফলেই কি এবার তড়িঘড়ি ইডির দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উঠছে সেই প্রশ্নও।