নিউজ ডেস্ক: জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন নগাঁওয়ের সদ্য অবসৃত জেলাশাসক দেবাশিস শর্মা। তাঁর সঙ্গে দুই সাংবাদিক লেনিন সৌরভ বরা ও গুঞ্জন কলিতাও যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
কয়েকদিন আগে অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেছিলেন যে নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হবেন বলে জেলাশাসক থাকাকালীন কাজ করেছেন দেবাশিস শর্মা। ৬ অক্টোবর নগাঁও লোকসভার উপনির্বাচন। এখন দেখার গৌরব গগৈয়ের আশঙ্কাই বাস্তব হয় কি না।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রাই। দিলীপ শইকিয়া বলেন, বিজেপি দলই দেবাশিস শর্মার উপযুক্ত জায়গা। অসমের সংস্কৃতি, সমাজ এবং প্রশাসন সম্পর্কে দিলীপ শর্মার অভিজ্ঞতা প্রচুর। দেবাশিস শর্মাকে সংবেদনশীল মানুষ হিসেবে অভিহিত করেন দিলীপ শইকিয়া।
নগাঁও লোকসভা উপনির্বাচনে দেবাশিস শর্মার প্রার্থিত্বের বিষয়ে অসমের বিজেপি সভাপতি বলেন, অনেকেই প্রার্থী হতে চেয়েছেন। যদি নগাঁওয়ের মানুষ চায় দেবাশিস শর্মা বিজেপি প্রার্থী হন তাহলে অবশ্যই আমাদের জাতীয় নেতৃত্ব সেটা বিবেচনা করবে।
২০২৪ লোকসভা নির্বাচনে নগাঁও আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ দুলক্ষের বেশি ভোটে জিতেছিলেন। যদিও ২০২৬ অসম বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে দিশপুর কেন্দ্রের বিধায়ক।
Prev Post
Next Post