স্ত্রীর জন্মদিন পালন করতে গিয়ে বিপাকে ব্যবসায়ী

31

স্টাফ রিপোর্টার: জন্মদিন একটা বিশেষ দিন। তাও আবার তা যদি স্ত্রীর হয়, তাহলে তো কথাই নেই। সেই বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপন না করলেই নয়। আর বিশেষভাবে উদযাপন করতে গিয়েই কাল হল স্বামীর।
গুয়াহাটির একজন নামি ব্যবসায়ী গৌতম বরুয়া। স্ত্রীর জন্মদিনে বিশেষ আয়োজন করেন স্বামী গৌতম বরুয়া। গুয়াহাটির নবনির্মিত সেতু কুমার ভাস্কর বর্মা সেতুর উপর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। সঙ্গে ছিলেন তাদের বন্ধু-বান্ধব সহ পরিবারের সদস্যরাও। সেতুর উপর লাল গালিচা পেতে, বাজি পুড়িয়ে, বেলুন সাজিয়ে রীতিমতো বার্থডে সেলিব্রেশন। কেক কেটে জন্মদিনের পার্টি করলেন গৌতম ও তাঁর স্ত্রী।

আর তাতেই ঘটল বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি দেখে পুলিশের চক্ষু চড়কগাছ। কোনরকম অনুমতি ছাড়াই সরকারি সেতুতে ব্যক্তিগত উদযাপন নিয়ে উঠতে শুরু করল প্রশ্ন। শুধু তাই নয়, জন্মদিন পালন করতে গিয়ে সেতুর উপর যে এলাহি আয়োজন করা হয়, তাতে সেতুর উপর বহু যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে বলে অভিযোগ । ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরও।

জন্মদিনের ভিডিও ভাইরালের পর ভরলুমুখ থানার পুলিশ গৌতম বরুয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে পাবলিক প্লেসে ব্যক্তিগত অনুষ্ঠান করার অভিযোগ। ব্যবসায়ী গৌতম বরুয়ার ডিভেন্ডার গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ব্যবসায়ী গৌতম বরুয়ার ঘনিষ্ঠতা আছে বলেও অভিযোগ। এমন ছবিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফলে সব মিলিয়ে স্ত্রীর জন্মদিনের পার্টির খেসারত দিতে হল ব্যবসায়ী গৌতম বরুয়াকে। তাঁর বিরুদ্ধে ২৮৫/২৭০/১৭৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।