প্রবল বিতর্কের মাঝে জ্ঞানেশ কুমারের কর্মসূচি স্থগিত

26

নিউজ ডেস্ক: এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া পরিচালনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থগিত রাখা হল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমার গুপ্তার কর্মসূচি।
বৃহস্পতিবার মিরাটে এবং ২৮ সেপ্টেম্বর বারাণসীতে দুটি যুব-কেন্দ্রিক ভোটার সচেতনতা কর্মসূচিতে জ্ঞানেশ কুমারের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু দেশজুড়ে প্রবল বিতর্কের মাঝে দুটি কর্মসূচিই স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জ্ঞানেশকুমারকে রাজসাক্ষী হওয়ার আহ্বান জানান। ককরোচ জনতা পার্টিও তাঁর পদত্যাগের দাবি জানিয়ে বলেছে যে, ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করবে।
বৃহস্পতিবার মিরাটে ‘ইলেকটোরাল লিটারেসি ক্লাব’ (ELC), যা স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা প্রসারের জন্য কমিশনের একটি মঞ্চ—এবং ভোটার পরিষেবার জন্য কমিশনের পোর্টাল ও অ্যাপ ‘ECINET’ বিষয়ক একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেওয়ার কথা ছিল সিইসি-র। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর বারাণসীতে একটি অনুষ্ঠানে তরুণদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচিও নির্ধারিত ছিল।
ইলেকটোরাল লিটারেসি ক্লাব বা নির্বাচনী সাক্ষরতা ক্লাবের (ELC) অন্তর্ভুক্ত হলো স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থী এবং কলেজের ১৮ থেকে ২১ বছর বয়সী সকল শিক্ষার্থী। ইএলসি কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী স্কুল ও কলেজগুলোতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শ্রেণিকক্ষ-ভিত্তিক ক্রিয়াকলাপ ও খেলার আয়োজন করা হয়।