দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ৩ জেলায় লাল সতর্কতা

16

পৃথা দাশগুপ্ত,কলকাতা: অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে। পাশাপাশি উপকূল ও পশ্চিমের জেলায় অতি বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। কলকাতার কাছাকাছি নিম্নচাপের অবস্থান। এর প্রভাব উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে।

মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের আশঙ্কা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলার কিছু এলাকায় চরম বৃষ্টির লাল সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার বা তার বেশি।

সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ,হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত।

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।