শিবসাগরে বেআইনি খননের ছবি চান হিমন্ত

33

নিউজ ডেস্ক: অসমের সাম্প্রতিক ভয়ংকর বন্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে অসমে কোনও অবৈধ খনন কাজ চলছে না। এবার বললেন, শিবসাগরে যদি কোনও অবৈধ খনন কাজ চলে, আমায় তার ছবি পাঠান, আমি ব্যবস্থা নেব।
অসমের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উজান অসমের শিবসাগর, যোরহাট, চরাইদেও এবং গোলাঘাট জেলা। শিবসাগরের বাসিন্দাদের অভিযোগ, বেআইনি খননের জেরে মাটি আলগা হয়ে গেছে এবং ভারী বৃষ্টির জল আটকানো যায়নি।
এবিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শিবসাগরে অবৈধ খননের কেউ যদি ছবি দিতে পারে আমি অবশ্যই পদক্ষেপ করব। খনি ও ভূতত্ত্ব বিভাগের কাছে শিবসাগরে কোনও অবৈধ খনন হচ্ছে কি না জানতে চেয়েছে সরকার, কিন্তু তারা জানিয়েছে শিবসাগর জেলায় কোনও অবৈধ খনন চলছে না, বলেন হিমন্ত।
হিমন্তর দাবি, কয়লা খনন চলে নাগাল্যান্ডে, কিন্তু শিবসাগরের নাজিরায় কোনও খনন চলছে না। দুটোকে একত্র করে দেখা ঠিক নয়। অনেকে বলছেন, মার্ঘেরিটায় কয়লা খনন চলছে, কিন্তু তার সঙ্গে শিবসাগর জেলার সম্পর্ক কী? প্রশ্ন হিমন্তর।
খনি বিভাগকে এই অভিযোগের তদন্ত করতে বলেছি, কিন্তু তারা জানিয়েছ যে কোনও অবৈধ কয়লা খনন চলছে না, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।