মোদীকে প্রশ্নকারী সাংবাদিকের ভারতের ভিসা বাতিল

39

নিউজ ডেস্ক: মোদীকে প্রশ্নকারী নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেনের ভিসা বাতিল করেছে নয়াদিল্লি। আর হেলে লিং ভিডিয়োবার্তায় বলেছেন, তাঁকে কেন ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না, অসলোর ভারতীয় দূতাবাস সেবিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি।
ছয় মাস আগে নরওয়ের সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হেলে লিং জানতে চান যে কেন তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না। কিন্তু মোদী সে প্রশ্নও শুনতে চাননি। বিতর্ক থামাতে সেবার আসরে নামতে হয়েছিল বিদেশ মন্ত্রককে। এবার কোনও কারণ না দেখিয়েই লিংয়ের ভিসা খারিজ করছে বিদেশ মন্ত্রক।
সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে লিং বলেছেন যে তাঁকে কেন ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না, সে বিষয়ে নরওয়ের রাজধানী অসলোর ভারতীয় দূতাবাস কোনও ব্যাখ্যা দেয়নি। তিনি বলেন, আমার কাছে বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে অসলোর ভারতীয় দূতাবাস থেকে ফোন করে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে মোদীর নরওয়ে সফরের সময় লিং তাঁকে প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে কেন আপনি কিছু প্রশ্ন নিচ্ছেন না? তখন মোদী কোনও উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান।
তাঁর ভিসা বাতিলের নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা রয়েছে বলেও ভিডিয়োবার্তায় অভিযোগ করেছেন লিং। লিং জানিয়েছেন, হায়দরাবাদে তেলেঙ্গানা সরকার আয়োজিত ভারত সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বক্তৃতা করার কথা ছিল তাঁর।
লিংয়ের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানির সমালোচনা, ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির জন্যই কি ভিসা বাতিল।
লিংয়ের ভিসা বাতিলের ঘটনায় কংগ্রেস বলেছে যে, নরওয়ের এক সাংবাদিকের প্রশ্নে মোদীকে পালিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই সাংবাদিক হেলে লিংয়ের তেলেঙ্গানায় ভারত সম্মেলনে ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু তাঁর ভিসা বাতিল করেছে সরকার। প্রশ্নকে কেন এত ভয় পান মোদী?
তেলেঙ্গানায় কংগ্রেস সরকার আয়োজিত ভারত সম্মেলনে গ্লোবাল ডায়ালগ অন ইন্ডিয়াস ফিউচার্স আলোচনাচক্রে রাহুল গান্ধীর ভাষণ দেওয়ার কথা আছে।