নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বীকে সরকার গড়ার ডাক ইজরায়েলের

48


নিউজ ডেস্ক: ইজরায়েলে সরকার গঠনের ডাক পেলন গাদি আইজেনকট। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী তথা বিরোধী নেতাকে সরকার গড়তে আহ্বান করেছেন সে দেশের প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ। আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকটকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তারপর প্রয়োজনে আরও ১৪ দিন সময় দিতে পারেন প্রেসিডেন্ট। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে প্রেসিডেন্ট অন্য কোনও প্রার্থীকে আমন্ত্রণ জানাবেন। ফলেত আইজেনকটকে সরকার গড়ার আহ্বান জানালেও ভোটগণনার পর ইজরায়েলে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না।
ইজরায়েলের আইনসভা ‘নেসেটের’ মোট আসন ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন, যা এককভাবে কোনও দল পায়নি। নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট ৫৩ এবং প্রাক্তন সেনাপ্রধান আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসনে জিতেছে। ১৯ আসন পেয়েছে আরবপন্থী দলগুলি। পরিস্থিতি এমনই যে, আরব দলগুলির সমর্থন না পেলে সরকার গঠন সম্ভব নয়।
নির্বাচনী প্রচারে আইজেনকট বলেছিলেন যে তিনি আরব দলগুলির সঙ্গে হাত মেলাবেন না। ফলে জটিলতা বেড়েছে। আবার আরব নেতারা জানিয়েছেন, আগে আইজেনকটকেই তাঁরা সরকার গঠনের সুযোগ দেবেন। তাই তাঁর নেতৃত্বাধীন জোটকে সমর্থন করছেন।
নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী দলগুলির উপর আরব নেতারা ক্ষুব্ধ। আরব দলগুলির সমর্থন পাওয়ায় আইজেনকটকে প্রেসিডেন্ট সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সরকার গড়ার জন্য আইজেনকটের কাছে তিনটি বিকল্প আছে। আরব দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সংখ্যালঘু সরকার গঠন করা। না হলে রক্ষণশীল দলগুলির সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার তৈরি করা। আরেকটি সম্ভাবনা রয়েছ যে প্রধান প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন। আইজেনকট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে অন্য প্রার্থী ডাক পাবেন। তিনিও ব্যর্থ হলে তৃতীয় কাউকে ডাকা হবে সরকার গঠনের জন্য। এই প্রক্রিয়া চলতে পারে সর্বোচ্চ ১০০ দিন পর্যন্ত। তার পরও কোনও পক্ষ সরকার গঠন করতে না পারলে না হলে নতুন করে ভোট হবে।