নিউজ ডেস্ক: ফের টেঙাখাতে অয়েল ইন্ডিয়ায় চৌহদ্দিতে বিস্ফোরণ। অসমের ডিব্রুগড় জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের ক্যান্টিনে সিলিন্ডার বিস্ফোরণে আহত একজন।
এদিকে, ৬ নভেম্বর টেঙাখাতে অয়েল ইন্ডিয়ার চৌহদ্দিতে মারাত্মক বিস্ফোরণে মৃতের সংখ্যা পৌঁছেছে পাঁচে। ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু ঘটেছে আগুনে জখম শৈলেন গগৈয়ের। এর আগে চারজনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের আগুনে জখম রূপম গগৈকে প্রথমে ভর্তি করা হয়েছিল দুলিয়াজানের অয়েল ইন্ডিয়া হাসপাতালে। পরে নিয়ে আসা হয়েছিল ডিব্রুগড় থেকে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় রূপমের।
স্পেকট্রন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ইঞ্জিনিয়ার তাপসজ্যোতি গগৈই নামে আরেক জখম ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, অয়েল ইন্ডিয়া লিমিটেড চার কর্মীকে— যাদের মধ্যে তিনজন আধিকারিক ও একজন কর্মচারী, সাময়িক বরখাস্ত করেছে বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র প্রাণকুশ মল্ল বুজরবরুয়া।
সংস্থা নিহতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে আশ্বাস দিয়েছে।
কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ের আস্থা হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান। পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি দুলিয়াজানে কোম্পানির সদর দপ্তরে অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গেও কথা বলেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদান এবং বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।
কী পরিস্থিতিতে বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।