মোদীকে ঝালমুড়ি খাইয়ে খুনের হুমকিতে কাঁপছেন দোকানি বিক্রম

2,458

নিউজ ডেস্ক: প্রথম দফা নির্বাচনে ১৯ এপ্রিল ঝাড়গ্রামে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা করে ফেরার পথে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে নেমে পড়েন তিনি। রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রেতা বিক্রমকুমার সাউয়ের কাছ থেকে ঝালমুড়ি কিনে খান প্রধানমন্ত্রী। মোদীর এই ঝালমুড়ি খাওয়া রাজ্য থেকে দেশ এবং দেশের বাইরে তীব্র আলোড়ন তৈরি করে। ঝালমুড়ির পাশাপাশি বিখ্যাত হয়ে পড়েন বিক্রমও।

মোদীর ছোঁয়ায় বিখ্যাত বিক্রমই এখন প্রাণ সংশয়ে কাঁটা হয়ে আছেন। পাকিস্তান এবং বাংলাদেশ থেকে তাঁকে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বিক্রম। দ্রুততার সঙ্গে পুলিশি পদক্ষেপে আপাতত সুরক্ষা পেয়েছেন বিক্রম। তারপরও তাঁর ভয় কাটছ না। থামছে না বোমা ও গুলি করে খুনের হুমকি মেসেজ, ফোন।

বিক্রম জানিয়েছেন, ‘পাকিস্তান থেকে হুমকি আসছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হোয়াটস অ্যাপ কল করেও প্রচুর হাতিয়ার দেখিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’ বিক্রমের দাবি, আরও একটি ফোনে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি এখনও বেঁচে আছেন কিনা? এই ফোনটি এসেছিল বাংলাদেশ থেকে।

সংবাদ সংস্থাকে বিক্রম জানিয়েছেন, ‘তাঁর কাছে প্রচুর ফোন আসছে। কিন্তু ভয়ে তিনি সেগুলো রিসিভ করছেন না। দুএকটি ফোন রিসিভ করেছিলেন, সেখানেই তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী তাঁর হাতে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই এই সব হুমকি ফোন আসছে বলে দাবি করেছেন বিক্রম। তিনি জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফেরেন। ফলে তিনি ভয়ের মধ্যে আছেন। আপাতত পুলিশি নিরাপত্তা পেলেও তাঁর ভয় কাটছে না।

বিক্রমের আর্জি, তিনি একাই সংসারের রোজগেরে। খোদ প্রধানমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে ধ্যান দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

বঙ্গে ক্ষমতার হাত বদলের পর বাংলাদেশে মোদীর বিরোধিতায় প্রায় প্রতিদিনই মিছিল চলছে। সেই মিছিল থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে। বঙ্গের বিজেপি সরকারেরও বিরোধিতা চলছে সমানতালে। এমনকি ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ফিরিয়ে আনার প্রকাশ্য দাবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে ঝালমুড়ি বিক্রেতা বিক্রমকে সীমান্তপার থেকে খুনের হুমকি দেওয়ার ঘটনা যথেষ্টাই তাৎপর্যপূর্ণ।