কাটিগড়া সেটেলমেন্ট অফিসে ঘুষ ও ভুয়ো নামজারির অভিযোগ, অসহায় বিধবার লিখিত অভিযোগে চাঞ্চল্য

25

প্রদীপ্ত পুরকায়স্থ: কাছাড়ের কাটিগড়া সেটেলমেন্ট অফিসে কর্মরত এক পাটোয়ারীর বিরুদ্ধে ঘুষ নেওয়া, দায়িত্বে গাফিলতি ও নামজারির নামে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সহকারী সেটেলমেন্ট অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এক বিধবা মহিলা। অভিযোগ ঘিরে কাটিগড়া রাজস্ব দফতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী আফিসা খাতুন, স্বামী মৃত নাঈম উদ্দিন, কাটিগড়া থানার অন্তর্গত ভাঙারপাড় চতুর্থ খণ্ড এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ইন্দ্রপ্রস্থ গ্যাস গ্রিড লিমিটেড (IGGL)-এর গ্যাস পাইপলাইন প্রকল্পের জন্য তাঁর স্বামীর জমি অধিগ্রহণ করা হয়। সেই অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ তাঁর নামে নামজারি করার কথা। সেই কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে কাটিগড়া সেটেলমেন্ট অফিসের পাটোয়ারী অমিত নাথ তাঁর কাছ থেকে ৫ হাজার টাকাও নেন বলে দাবি আফিসা খাতুনের। বিনিময়ে অমিত নাথ তাঁকে একটি Land Mutation Certificate দেন।

তবে আফিসার অভিযোগ, পরবর্তীকালে ওই শংসাপত্রটি IGGL কর্তৃপক্ষের কাছে জমা দিলে নথি যাচাইয়ে জানা যায়, সরকারি রেকর্ডে আফিসা খাতুন বা তাঁর সন্তানদের নামে কোনো নামজারি হয়নি। ফলে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের সম্পূর্ণ প্রক্রিয়া আটকে যায় এবং পরিবারটি সরকারি প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়।

আফিসা খাতুনের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত পাটোয়ারীর সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দেননি কিংবা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগও নেননি বলে অভিযোগ আফিসার। স্বামী হারানোর পর সন্তানদের নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে আফিসার। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, দ্রুত বৈধ নামজারি ও ক্ষতিপূরণের অর্থ নিশ্চিত করার আবেদন জানান আফিসা খাতুন।