অগাস্টেই আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

30

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সূত্র অনুযায়ী আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই নেতার ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে নয়াদিল্লিতে থাকার কথা রয়েছে। সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশ তৎপর, প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত নয়াদিল্লি সফরের বিষয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই ‘ইতিবাচক অগ্রগতি’ হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। স্বাভাবিক হতে পারে দুই দেশের আগের মতোই যোগাযোগ ও আদান-প্রদান ।তারেক রহমানের এই দ্রুত সফরটি গঙ্গা জল চুক্তি নবায়ন, জ্বালানি বিষয়ক চুক্তি এবং ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের ওপর আরোপিত বাণিজ্য বিধিনিষেধ প্রত্যাহারের পথ সুগম করবে।বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ঢাকা-দিল্লি, দুই পক্ষ থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়। ১০ই অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি প্রেস কনফারেন্সের পর দুই দেশের সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়, যার ফলে ঢাকা সাফ জানিয়ে দেয় যে এ ধরনের উচ্চপর্যায়ের সফরের জন্য অনুকূল পরিবেশ ও পারস্পরিক আস্থা প্রয়োজন। এরপরই আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা বিশেষ গুরুত্বপুর্ণ বলে মনে করা হচ্ছে।