নিউজ ডেস্ক: এবার লন্ডনে ঐতিহ্যবাহী ‘গঙ্গা আরতি’! বারাণসী, হরিদ্বারের চেনা ছবি দেখা যাবে টেমস নদীর তীরে। ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন লন্ডনের বাসিন্দারাও। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বিশেষ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে।

‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে এবার ভারতীয় সংস্কৃতির ছোঁয়া টেমসের তীরেও। লন্ডনের গ্রিনিচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্যই এই অনুষ্ঠানের দরজা খোলা থাকবে। তবে, আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে দর্শকদের।
১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় শুরু হবে মূল অনুষ্ঠান। রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে সময় মিলিয়ে সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু হবে আরতি। শুধু ভারতীয় ঐতিহ্যই নয়, অনুষ্ঠানে থাকবে ভারতীয় খাবার, গান, নাচ এবং ছোটদের জন্য নানা রকম বিনোদনের ব্যবস্থা।

নদী রক্ষায় বিশেষ সতর্ক থাকছে প্রশাসন। আরতির সময়ে নদীর পরিবেশ ও জল যাতে কোনও ভাবেই দূষিত না হয়, সেই দিকে কড়া নজর রাখছেন উদ্যোক্তারা। আরতির সময়ে গঙ্গার মতো টেমসের জলে কোনও ফুল বা পুজোর সামগ্রী ভাসানো যাবে না। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই ঐতিহ্যবাহী এই উৎসবে সামিল হওয়ার আর্জি জানানো হয়েছে আগত দর্শনার্থীদের কাছে।