শুক্রবার কলকাতার কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা

31

দেবারতি ঘোষ, কলকাতা: কলকাতা পুরসভায় প্রশাসনিক টানাপোড়েন ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক ঘটনা বলে দিচ্ছে, কলকাতা পুরসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে অন্ধকারে রাখা হচ্ছে মেয়র ফিরহাদ হাকিমকে। অভিযোগ, পুর কমিশনার স্মিতা পান্ডে একতরফাভাবে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলে বিভ্রান্ত মেয়র। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিস ঘিরে দলনেত্রীর ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

পুরসভা সূত্রে খবর, সাম্প্রতিক কিছু প্রশাসনিক পদক্ষেপ এবং ফাইল সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে মেয়রের সঙ্গে কমিশনারের ঠান্ডা লড়াই চরমে পৌঁছেছে। এমনকি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তেও মেয়রের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পুর বোর্ড স্বশাসিতভাবে কোন কাজই করতে পারছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম বলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

যদিও আনুষ্ঠানিকভাবে মেয়র বা পুর প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে বিষয়টি ঘিরে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই হালিশহর পুরসভায় ১৬ জন কাউন্সিলর একসঙ্গে ইস্তফা দিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যে বরোতে পড়ে অর্থাৎ ৯ নম্বর বরোর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবলীনা বিশ্বাস। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে নিজের বাড়িতে কলকাতা পুরসভার ১৩৬ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ওই বৈঠকে পুরসভার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি, কমিশনারের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কাউন্সিলরদের মতামতও জানতে চাইবেন দলনেত্রী। অনেকের মতে, এই বৈঠক থেকেই স্পষ্ট হতে পারে ফিরহাদ হাকিমের পরবর্তী পদক্ষেপ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, কলকাতা পুরসভার অন্দরেই প্রশাসনিক ক্ষমতা নিয়ে টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে আসছে। আর সেই আবহেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।