শ্ৰীভূমিতে তিন মাসে ৪৯ সদ্যোজাতের মৃত্যু, উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ

171

মিস্টু দত্ত: রাজ্যে শিশু মৃত্যুর হার কমাতে সরকার কোটি কোটি টাকার প্রকল্প আনছে। অন্যদিকে, রাজ্যে বাড়ছে শিশু মৃত্যুর ঘটনা। বরাকের ৩ জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে শিশু মৃত্যুর ঘটনা। শুধুমাত্র শ্রীভূমি জেলাতেই ৩মাসে ৪৯ সদ্যোজাত শিশুর মৃত্যুর হয়েছে। একইভাবে হাইলাকান্দিতে এখন পর্যন্ত ২৫ ও কাছাড় জেলায় ৭৪ সদ্যোজাতের মৃত্যু হয়েছে চলতি সালে।

ঘটনা ঘিরে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। কেন এভাবে নবজাতকদের মৃত্যু হচ্ছে, তা জানতে ইতিমধ্যেই হাসপাতালগুলিতে শুরু হয়েছে তদন্ত। শুধু যে সদ্যোজাতদের মৃত্যু হচ্ছে, তা নয়, মে মাসে শ্রীভূমি জেলায় দুই প্রসূতির মৃত্যু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দিকেও।

করিমগঞ্জ সিভিল হাসপাতালে সদ্যোজাতদের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মতীন্দ্র সূত্রধর জানান, শিশু মৃত্যুর মূল কারণগুলি হল..
১) অক্সিজেনের অভাবে সদ্যোজাতদের শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা
২) জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকভাবের থেকে কম হওয়া
৩) বিভিন্ন ধরনের সংক্রমণ ও
৪) দুর্গম অঞ্চলের খারাপ রাস্তা ও যোগাযোগের ফলে ঠিক সময়ে হাসপাতালে রোগীকে না নিতে পারা

স্বাস্থ্য বিভাগের তদন্তে সদ্যোজাত মৃত্যুর একাধিক কারণ উঠে এসেছে। কিন্তু এই সমস্যা সমাধানে কতটা সচেষ্ট প্রশাসন। উদ্বেগ বাড়ানো শিশু মৃত্যুর এই ঘটনা রুখতে সরকার-প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার।