অসমে বাড়ছে HIV আক্রান্তের সংখ্যা

47

নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি অসমে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ২০২৫-২৬ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অসমে ৩৩,১৪৫ জন এইচআইভি (HIV) আক্রান্ত, যা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ। অসমের পর এই তালিকায় রয়েছে মিজোরাম (২৬,৩২১), নাগাল্যান্ড (২৩,৭৩১) এবং মণিপুর (২৩,৪৬৩ জন)।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অসমে এইচআইভি সংক্রমণের হার আনুমানিক ০.১৩ শতাংশ। উত্তর-পূর্বাঞ্চলে মোট এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ১৩,৮০৯ মহিলার মধ্যে শুধু অসমেই আক্রান্ত হয়েছেন ৬,৮০৯ জন। এ ছাড়া অসমে ১৪৬ গর্ভবতী নারী এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, যা এই অঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। ১৫ থেকে ৪৯ বছর বয়সিদের মধ্যে সংক্রমণের হার সর্বাধিক এবং এর মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে অসমে নতুন সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২-২৩ সালে ৪,০১৮টি নতুন সংক্রমণ ধরা পড়েছিল, সেখানে ২০২৩-২৪ সালে এই সংখ্যা বেড়ে ৭,২৭৪ এবং ২০২৪-২৫ সালে ৬,৭৫৮-এ পৌঁছেছে।
আগে হেটেরোসেক্সুয়াল বা ভিন্নকামী সংক্রমণের হার বেশি ছিল, সেখানে বর্তমানে প্রায় ৬০ শতাংশ নতুন সংক্রমণ ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের কারণে ঘটছে।

আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (ASACS)-র তত্ত্বাবধানে অসমে বিনামূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART) প্রদান করা হচ্ছে। বর্তমানে বেশ কয়েকটি এআরটি (ART) ও সিডিফোর (CD4) টেস্টিং সেন্টার চালু রয়েছে। তবে, সচেতনতার অভাব এবং চিকিৎসা কেন্দ্রে না পৌঁছনোর কারণে শুধুমাত্র প্রায় ৭০.৬% রোগী এই থেরাপির আওতায় আছেন।