পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে অসমে গ্রেফতার ২

35

নিউজ ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে, সেনাবাহিনীর গতিবিধি-সহ নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানের এক গোয়েন্দা কর্মীর কাছে পাচারের অভিযোগে অসম পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জওয়ানও রয়েছেন।


হিমন্ত বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী তদন্তের জন্য অভিযুক্ত দুজনকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হবে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান, যিনি বর্তমানে চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে কর্মরত।


হিমন্ত বলেন, অভিযুক্তরা পাকিস্তানের সংস্পর্শে ছিল এবং সেনাবাহিনীর সদস্যদের গতিবিধি সংক্রান্ত তথ্য পাচার করছিল বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর মতে, প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ওই দুজনকে হানি-ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলেছিল।


অসম পুলিশ জানিয়েছে যে, তাদের স্পেশাল টাস্ক ফোর্স গুপ্তচরবৃত্তির অভিযোগে বিহারের বাসিন্দা ৩১ বছর বয়সি এক ব্যক্তিকে গুয়াহাটি থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম অভিষেক কুমার সিং, বিহারের পূর্ব চম্পারণের বাসিন্দা এই ব্যক্তি গুয়াহাটিতে ভাড়াবাড়িতে থাকতেন।


পুলিশের জানিয়েছে যে, তেজপুর-ভিত্তিক গজরাজ কোরের মিলিটারি ইন্টেলিজেন্স অভিষেক সিংয়ের বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে, আসাম এসটিএফ শোণিতপুর পুলিশের সহায়তায় এবিষয়ে আরও তদন্ত চালায়।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিষেক সিংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনী সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের এক গোয়েন্দা কর্মীর কাছে পাচারের অভিযোগ। ওই পাকিস্তানি গোয়েন্দা কর্মীর নির্দেশে অভিষেক সিং দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল।


পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর মধ্যরাতে আসাম এসটিএফ একটি অভিযান চালায় এবং গুয়াহাটির একটি ভাড়া বাড়ি থেকে ৩১ বছর বয়সি ওই ব্যক্তিকে আটক করে। ধৃতের থেকে একটি মোবাইল ফোন, সিম কার্ড এবং কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করে।