পৃথা দাশগুপ্ত,কলকাতা:রাজ্যে পালাবদলের পর কোথাও তোলাবাজির অভিযোগ, কোথাও দুর্নীতির অভিযোগ- গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। গ্রেফতার হওয়ার পরে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ধৃতকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। ফলতায় জাহাঙ্গির খানেরও একটি ছবি সামনে এসেছে। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরানোই নয় সেখানে দেখা গেছে তাঁকে কান ধরে ওঠবস করতেও । জাহাঙ্গির খানের স্ত্রীর করা একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোনও অভিযুক্তের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কখনই আইনত সমর্থনযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণ, কোনও ব্যক্তির মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেটা খেয়াল রাখতে হবে।
সরকারি আইনজীবী তখন বলেন, “কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর বিষয়ে আমার কিছু জানা নেই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও অনেক কিছু করা যায়। পুলিশের থেকে রিপোর্ট নিয়ে আমি আমি আমার বক্তব্য রাখব।” রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জানান, জাহাঙ্গির খানের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনও পদক্ষেপ করা যাবে না। ১ জুলাই মামলার পরবর্তী শুনানি।
ফলতার তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা ছিলেন জাহাঙ্গির। পরে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গিরের বিরুদ্ধে কত মামলা রয়েছে, তা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী রেজিনা বিবি। পাশাপাশি কোমরে দড়ি পরিয়ে প্যারেড করানোর অভিযোগ করা হয়।