নকআউটে কঠিন লড়াইয়ের মুখে ব্রাজিল, আর্জেন্টিনা

25

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ছটি গ্রুপের খেলা শেষ। এই ছটি গ্রুপ থেকে দুটো করে দল ইতিমধ্যে নকআউট নিশ্চিত করে নিয়েছে। নকআউট নিশ্চিত হয়ে গেছে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করা আরও চারটি দলের। নকআউটে এই ১৬টি দলের প্রতিপক্ষ কারা হবেন সেটাও অনেকটা নিশ্চিত। নকআউটের এই নিশ্চিত এবং সম্ভাব্য লাইন-আপ থেকে একটা বিষয় জলের মতো স্পষ্ট, যে এই রাউন্ডে ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকবে ফুটবল বিশ্ব। সামনে উঠে এসেছে আরও একটা বিষয়ও। সেটা হল ব্রাজিল, আর্জেন্টিনার মতো অন্যতম ফেবারিটদের কঠিন পরীক্ষার পূর্বাভাস।

ব্রাজিল বনাম জাপান

প্রি কোয়ার্টারের আগেই বিশ্বকাপে এবার কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ এশিয়ান জায়ান্ট জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই প্রি কোয়ার্টারের আগেই অ্যাসিড টেস্ট নেইমারদের। যদিও মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র রাখার পর দারুণভাবে কামব্যাক করে ব্রাজিল। অত্যন্ত সহজভাবে পরের দুটো ম্যাচ জেতে গ্রুপ সেরা হয়েই নকআউটের ছাড়পত্র আদায় করেছে তাঁরা। এদিকে, একটি জয় ও দুটি ড্র সহ পাঁচ পয়েন্ট নিয়ে দুনম্বরে শেষ করেছে জাপান। বিশ্বকাপে এখনও নিজেদের সেরাটা দেয়নি এশিয়ান জায়ান্টরা। ব্রাজিল ম্যাচেই হয়ত দেখা যাবে জাপানি ক্যারিশমা।

আর্জেন্টিনা বনাম স্পেন/উরুগুয়ে/ক্যাবো ভার্দে

আবার প্রথম দুটো ম্যাচ সহজে জেতার পর নকআউট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনারও। তৃতীয় ম্যাচ হেরে গেলেও গ্রুপ সেরাই থাকবে তাঁরা। এই পরিস্থিতিতে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে বা ক্যাবো ভার্দের মধ্যে কোনও একটা দল। শুক্রবার রাতেই স্পষ্ট হয়ে যাবে এটা। কারণ, শুক্রবারই ম্যাচ রয়েছে স্পেন-উরুগুয়ের। শুক্রবারই সৌদি আরবের সঙ্গে খেলতে নামবে এবারের বিশ্বকাপের চমক নবাগত ক্যাবো ভার্দে। এই মুহূর্তে ৪ পয়েন্ট আছে স্পেন। ২ পয়েন্টে রয়েছে উরুগুয়ে ও ক্যাবো ভার্দে। গ্রুপ দুনম্বরে শেষ করবে যারা মেসিদের প্রতিপক্ষ হবেন তাঁরাই। স্পেন হোক বা উরুগুয়ে নকআউটে মেসিদের সামনেও কঠিন চ্যালেঞ্জ।

নেদারল্যান্ড বনাম মরক্কো


নকআউটে হল্যান্ড আবার মুখোমুখি হচ্ছে উজ্জীবিত মরক্কোর। গ্রুপে হল্যান্ড প্রথম এবং মরক্কো দুনম্বরে শেষ করলেও দুদলেরই হার-জিত এবং পয়েন্ট সমান-সমান। সাত। শুধু গোলে এগিয়ে হল্যান্ড। গ্রুপের তিন ম্যাচে ১০ গোল করেছে তাঁরা। তবে মরক্কো অন্য প্রতিপক্ষ। এদের হাল্কাভাবে নিলে আখেরে তার মূল্য চুকাতে হবে নেদারল্যান্ডকে।

দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা


লিগের অন্তিম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবাইকে চমকে দেওয়া দক্ষিণ আফ্রিকা নকআউটে খেলবে কানাডার সঙ্গে। কানাডা শক্তিশালী দল হলেও এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাও খুব ভাল ফর্মে। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং এনিয়ে কোনও সন্দেহ নেই।

আমেরিকা বনাম বসনিয়া ও হারজেগোভিনা


নকআউটে আবার আমেরিকা পাচ্ছে বসনিয়া ও হারজেগোভিনাকে। কানাডা থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপে দুনম্বরে শেষ করে বসনিয়া ও হারজেগোভিনা। তাই আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে নামলেও এই মুহূর্তে চনমনে মেজাজে বসনিয়া ও হারজেগোভিনা।

অস্ট্রেলিয়া বনাম ইজিপ্ট/ইরান/বেলজিয়াম


নকআউটে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে ইজিপ্ট, ইরান বা বেলজিয়ামের মধ্যে কোনও একটি দল। দুম্যাচের পর মাত্র ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বসে রয়েছে বেলজিয়াম। তবু ধরে নেওয়া হচ্ছে তারা নকআউটে যাবে। দুপয়েন্টে রয়েছে ইরানও। শুধু ৪ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে ইজিপ্ট। ইরান বা বেলজিয়াম হোক, নকআউটে অস্ট্রেলিয়ার সামনেও কঠিন চ্যালেঞ্জ।

জার্মানি বনাম কোরিয়া/স্কটল্যান্ড/প্যারাগুয়ে/স্যুইডেন


কোরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে অথবা স্যুইডেন। নকআউটে এই চারটি দলের যে কোনও একটির মুখোমুখি হতে পারে ১২ বছর পর নকআউটের ছাড়পত্র আদায় করে নেওয়া জার্মানি। ইক্যুয়েডরের সঙ্গে নিজেদের শেষ ম্যাচে হেরে নিজেরাই নিজেদের অনিশ্চয়তা ডেকে এনেছে জার্মানরা। শুক্রবার রাতে ইক্যুয়েডর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জার্মান রক্ষণের মধ্যে থাকা ফাঁক-ফোকর নয়, বিশাল হাইওয়েকে। তাই স্কটল্যান্ড হোক বা স্যুইডেন, দক্ষিণ কোরিয়া হোক বা প্যারাগুয়ে, ছেড়ে কথা বলবে না। ৭-১ গোলের বিশাল জয় দিয়ে শুরু করলেও ইক্যুয়েডর ম্যাচের পর জার্মানরা এখন স্পষ্টত ব্যাকফুটে।