চার দিনের মধ্যেই ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, প্রতি লিটারে কোথায় কত মূল্য?

6

পৃথা দাশগুপ্ত, কলকাতা : মাত্র ৪ দিনের ব্যবধানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। নতুন দরে লিটারে ৮৬ পয়সা বাড়ল পেট্রলের দাম। ডিজেলের দাম বাড়ল লিটারে ৮৩ পয়সা। কলকাতায় পেট্রলের দাম পৌঁছল ১০৯ টাকা ৬০ পয়সায়। নতুন দরে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু ৯৫ টাকা ৯৬ পয়সা। দিল্লিতে পেট্রলের দাম ৯৮ টাকা ৬৪ পয়সা, ডিজেলের দাম ৯১ টাকা ৫৮ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে ১০৭ টাকা ৫৯ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ৮ পয়সা। চেন্নাইয়েও পেট্রলের দাম বেড়ে ১০৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ৯৬ টাকা ১১ পয়সা হয়েছে। মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে জ্বালানির বর্ধিত মূল্য।

গত ১৫ মে পেট্রলের দাম লিটারে ৩ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানো হয়েছিল। ফলে চার দিনের মধ্যেই জ্বালানির দামে ফের রদবদল। জ্বালানির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা প্রবল। পাশাপাশি, পরিবহণ খরচ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। পরিবহণ খরচ বাড়লেই তার সরাসরি প্রভাব পড়বে বাজারে। সবজি থেকে মাছ-মাংস, মুদি সামগ্রী থেকে ওষুধ, প্রায় সব পণ্যের দামই বাড়তে পারে বলে আশঙ্কা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা, এই আবহেই দেশজুড়ে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। ৫ রাজ্যের ভোট মিটতেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, তা সত্যি হল।

প্রয়োজনীয় জ্বালানির বেশিরভাগই অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এই অবস্থায় ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রল-ডিজেলের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। সেই আর্জির পর চলতি মাসে এই নিয়ে দু’দফায় বৃদ্ধি পেল পেট্রল-ডিজেলের দাম। প্রথমে গত ১৫ মে, শুক্রবার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল। তার পাঁচ দিনের মধ্যে মঙ্গলবার ফের বৃদ্ধি পেল পেট্রল-ডিজেলের দাম।