আমেরিকায় গিয়ে ভারতের আর্থিক সংকট নিয়ে মন্তব্য রাহুলের,রাহুলকে ভারত-বিরোধী তোপ বিজেপির

38

নিউজ ডেস্ক: দুদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ভারতের আর্থিক সংকট নিয়ে মন্তব্য করেন রাহুল গান্ধী। এইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য এবং ‘ভোট চুরি’র অভিযোগ পুনর্ব্যক্ত করার বিষয়টি বিজেপির তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিজেপি তাঁকে ‘ভারত-বিরোধী নেতা’ বলে অভিহিত করেছে।
মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেন, ব্যাপক বেকারত্ব এবং দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের কারণে ভারত একটি আসন্ন অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সোজা কথায় বলতে গেলে, ভারত একটি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। এটাই বাস্তবতা। কেউ হয়তো বিষয়টিকে এড়িয়ে যেতে পারে, গণমাধ্যমও হয়তো একে উপেক্ষা করতে পারে, কিন্তু ভারতে বেকারত্বের সমস্যাটি অত্যন্ত প্রকট। এ ছাড়া ভারতের শিক্ষাব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের সমস্যা।
ভারতের তরুণ প্রজন্ম নিয়ে মডারেটর লিডিয়া পোলগ্রিনের করা একটি প্রশ্নের জবাবে রাহুল এসব কথা বলেন।
রাহুল গান্ধী উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ যুব সমাজের একটি অংশ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে এবং তারা আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছে। তিনি বলেন, তরুণদের মধ্যে এই হতাশার মূল কারণ তারা নিজেদের জন্য কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।


রাহুলের মতে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং কৃষি হল অর্থনীতির মেরুদণ্ড। তাঁর দৃষ্টিতে, সেই ‘মেরুদণ্ড’ ভেঙে পড়েছে। তিনি যুক্তি দেন যে, কেবল পরিষেবা খাতের ওপর নির্ভর করে ভারতের বিশাল কর্মশক্তির কর্মসংস্থান সম্ভব নয়, তাই উৎপাদন খাতকে পুনর্গঠন করা জরুরি।
রাহুল গান্ধী বলেছেন, পরিষেবা ক্ষেত্রে পর্যাপ্ত মানুষের কর্মসংস্থান করা সম্ভব নয়… বড়জোর ১, ২, ৩ বা ৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হতে পারে। পরিষেবা ক্ষেত্রের ওপর ভরসা করে সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যায় না। অথচ আমরা কার্যত এমন সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে, আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের কোনও প্রয়োজনই নেই।
গৌতম আদানি ও মুকেশ আম্বানির প্রসঙ্গ টেনে রাহুল প্রশ্ন তোলেন, কেন কেবল গুটিকয়েক বড় কর্পোরেট গোষ্ঠীই সম্প্রসারিত হচ্ছে, অথচ ছোট ব্যবসাগুলো টিকে থাকার লড়াই করছে।
তিনি বলেন, ভারতে বেসরকারি বিনিয়োগ নেই কেন? আর ভারতে কেবল আদানি ও আম্বানির মতো ব্যক্তিরাই কেন উন্নতি করছেন?
এরপর আরও এক ধাপ এগিয়ে রাহুল প্রশ্ন তোলেন, কেন টাটাকে আদানি আক্ষরিক অর্থেই অধিগ্রহণ করে নিচ্ছেন। রাহুল তাঁর এই অভিযোগের সপক্ষে বিস্তারিত কিছু না বললেও, সম্ভবত তিনি টাটা গ্রুপের অন্তর্ভুক্ত ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) এবং আদানির মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তির দিকে ইঙ্গিত করেছেন— যার আওতায় মুম্বাই, আহমেদাবাদ, লখনউ ও গুয়াহাটি জুড়ে আটটি হোটেল পরিচালনার দায়িত্ব আদানির হাতে যাচ্ছে।

একই আলোচনায় বিরোধী নেতা আবারও ‘ভোট চুরি’র অভিযোগ উত্থাপন করেন এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ২০২৪ সালে যারা ভোট দিয়েছেন, এমন ১৪ কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই— এমন পরিস্থিতিতে একটি নির্বাচন কীভাবে বৈধ হতে পারে? অথচ, তারা এবিষয়ে নীরব রয়েছে। নির্বাচনী ব্যবস্থায় সংস্কার না আনলে কোনও কিছুই ঠিক হবে না। আমরা এনিয়ে কাজ করছি। আমাদের কাছে নির্বাচনী জালিয়াতির যথেষ্ট প্রমাণ রয়েছে।
রাহুল দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে বিজেপির বিপুল পরিমাণ ব্যয় দেখে কংগ্রেস অবাক হয়ে গিয়েছিল।
তবে, তিনি কোনও প্রমাণ দেননি বা ঠিক কোন নির্বাচনের কথা বলছেন, সেবিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
রাহুল বলেন, পাঁচ লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের এক প্রচার অভিযান। এতে যে পরিমাণ অর্থ ঢালা হয়েছে, তা স্বাভাবিকের চেয়ে ২০, ৩০, ৪০ বা ৫০ গুণ বেশি। এই টাকা কোথা থেকে আসে? আমরা তা বুঝি… আমরা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম।

রাহুল আরও দাবি করেন যে, ব্যবস্থার ভেতরে থাকা লোকজন বিরোধী দলের সঙ্গে কথা বলছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অসন্তোষের প্রতিক্রিয়ায় সরকার হিংসার পথ বেছে নিতে পারে।
ব্যবস্থার ভেতরে থাকা মানুষজন ভয়ের কারণেই আমাদের সঙ্গে কথা বলছেন। আমার আশঙ্কা, চাপ যদি একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেড়ে যায়, তবে সরকার এর প্রতিক্রিয়ায় হিংসার আশ্রয় নিতে পারে। আগে এক ধরনের ভয়ের পরিবেশ ছিল, কিন্তু এখন মানুষ আর ভয় পায় না। ছাত্র আন্দোলন এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, বলেছেন রাহুল গান্ধী।
কংগ্রেস নেতা ভারতের রাজনৈতিক পরিস্থিতির সাথে ফ্রান্স, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর পরিস্থিতির তুলনা করেছেন। তিনি যুক্তি দেন যে, তরুণদের ক্রমবর্ধমান হতাশা এবং বেকারত্ব শুধু কোনও একটি দেশের বিচ্ছিন্ন সমস্যা নয়।
তিনি বলেন, ভারতে বা ফ্রান্সে যা ঘটছে, তাকে বিশ্বজুড়ে ঘটনাপ্রবাহ থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে জেন জি বা নতুন প্রজন্মের তরুণদের বিক্ষোভের ঢেউ দেখা যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতির মতো বিষয় নিয়ে ক্ষোভ থেকেই এই বিক্ষোভের সূত্রপাত।
ঠিক একই সময়ে ভারতেও কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে। এই আন্দোলনের মূল কারণ এসআইআর প্রক্রিয়া, যার ফলে খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়ে গেছে। এর কয়েক মাস আগেই দিল্লিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের বিশাল বিক্ষোভ দেখা গিয়েছিল।
রাহুল গান্ধীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসক দল। তারা বিরোধী নেতার বিরুদ্ধে বিদেশে গিয়ে দেশকে অপমান করার অভিযোগ তুলেছে।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি সমাজমাধ্যমে লিখেছেন, রাহুল গান্ধী ভারত-বিরোধী প্রচারের নেতায় পরিণত হয়েছেন। ভারতের অগ্রগতি ও ভারতীয় গণতন্ত্রের প্রতি তাঁর সহজাত বিদ্বেষের কারণেই তিনি যখনই বিদেশে যান, তখনই ভারতের সম্পর্কে খারাপ কথা বলেন!
অর্থনীতি নিয়ে গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি ভারতের বৃদ্ধির হার এবং বৈশ্বিক সংস্থাগুলোর দেওয়া রেটিংয়ের দিকে ইঙ্গিত করেছে।
রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে একটি অ্যাকাডেমিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া তাঁর শিকাগো বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও কথা রয়েছে।