নিউজ ডেস্ক: শিলংয়ে কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ। বুধবার, ১৯ আগস্ট, খাসি ছাত্র সংগঠনের বাইক মিছিলের প্রেক্ষিতে অশান্ত হয়ে ওঠে শিলং। পোড়ানো হয় অন্তত ৩০ গাড়ি। বিভিন্ন জায়গায় সরকারি কার্যালয়ে ছোড়া হয় পেট্রল বোমা। অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ির ওপর হামলা চলে। যার পরিপ্রক্ষিতে তিনদিন ধরে গুয়াহাটি-শিলং বাণিজ্যিক গাড়ি চলাচল স্তব্ধ হয়ে গেছে।
শিলংয়ে শান্তি ফেরাতে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে ফ্ল্যাগ মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চার কোম্পানি সিআরপিএফ এবং এক কোম্পানি আরএএফ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।
শিলংয়ে শান্তি ফেরানো এবং অসম-মেঘালয়ের বাণিজ্যিক গাড়ি চলাচল সুগম করতে গুয়াহাটির খানাপাড়ায় বৈঠকে করেছেন অসমের সীমানা প্রতিরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা এবং মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধার। এর আগে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
শিলংয়ের ঘটনাকে অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক বলেছেন অতুল বরা। দুই রাজ্যের মানুষের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অতুল বরা। বুধবার শিলংয়ে তাণ্ডবের প্রেক্ষিতে গুয়াহাটির জোড়াবাটে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু করে ট্যাক্সিচালকরা। পরিস্থিতি এমনই যে টানা তিনদিন গুয়াহাটি থেকে শিলং এবং শিলং থেকে গুয়াহাটিতে কোনও বাণিজ্যিক গাড়ি চলাচল করেনি।
অসমের যেসব গাড়ির ক্ষতি হয়েছে শিলংয়ের হিংসায়, সেই গাড়িচালকরা ক্ষতিপূরণ দাবি করেছে মেঘালয় সরকারের থেকে। নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত না হলে মেঘালয়ে গাড়ি যাবে না বলে তারা বদ্ধপরিকর। যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে মেঘালয়ের কোনও গাড়িকে অসমে ঢুকতে না-দেওয়ার দাবি তাদের। জোড়াবাটের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।
বুধবার শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের তাণ্ডবের পর গ্রেফতার করা হয় সংগঠনের সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পাইনকেমেনলাং সানমিয়েত ও সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে। নিরাপত্তার স্বার্থে তাঁদের শিলং কারাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম গারো পাহাড়ের কারাগারে।
এদিকে, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মেঘালয়ের বিরুদ্ধে আর্থিক অবরোধের ডাক দিয়েছে। গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় আটকে দেওয়া হয়েছে মেঘালয়গামী তেল-গ্যাসের ট্রাক। মেঘালয়ের রি-ভোই জেলার প্রশাসন বিরনিহাট-জোড়াবাট পথ ব্যবহার করে নিষেধ করেছে নাগরিকদের।