১৫ মে, গুয়াহাটি, ২০২৬: প্রসঙ্গ, সংগীত শিল্পী জুবিন গার্গ হত্যা মামলা। শুক্রবার গৌহাটি হাইকোর্টে শ্যামকানু মহন্তের জামিনের শুনানি হয়। বিচারপতি মিতালি ঠাকুরিয়ার আদালতে হয় শুনানি। এই মামলায় আরও কিছু নতুন তথ্য পেশ করার রয়েছে। তাই মামলাকে এগিয়ে নিতে পরবর্তী দিন ধার্য করা হয়। আগামী ২২মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে ১৩ মে আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বিচারপতি পার্থিবজ্যোতি শইকিয়া শুনানির আবেদন গ্রহণ করেননি।
ইতিমধ্যেই গুয়াহাটির বিশেষ ফাস্টট্র্যাক আদালত শ্যামকানুর জামিন নাকচ করে দেয়। সেশন কোর্টে জামিন নাকচের কারণেই হাইকোর্টের দ্বারস্থ হন শ্যামকানু মহন্ত।
২২মে পুলিশকে তদন্তের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। ওইদিন সরকারি পক্ষের হয়ে আদালতে সওয়াল করতে চলেছেন রাজ্য সরকারের আইনজীবী দেবজিৎ শইকিয়া।