চূড়াচান্দপুরে মণিপুরের মুখ্যমন্ত্রী

36

নিউজ ডেস্ক: মণিপুরের প্রয়াত বিধায়ক ভুঙ্গজাগিন ভালতের অন্তেষ্টিতে যোগ দিতে ইম্ফল থেকে কুকি অধুষ্যিত চূড়াচান্দপুরে গিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচান্দ সিং। তাঁর আগমনকে ঘিরে চূডাচান্দপুরে যান চলাচল বন্ধের ডাক দিয়েছিল কুকি সংগঠন। রাস্তায় রাস্তায় প্রবল প্রতিবাদ নামে কুকিরা।
প্রয়াত বিধায়ক ভালতের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল তাঁর বাসভবন ডরকাস ভেঙেতে। হেলিকপ্টারে ইম্ফল থেকে সরারি ডরকাস ভেঙেতে পৌঁছন মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচান্দ সিং। যদিও তাঁকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে শুক্রবার থেকেই চাপা টেনশন বিরাজ করছে চূড়াচান্দপুরে। শনিবার সকালে কুকিরা রাস্তায় নেমে প্রতিবাদ করে, সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এইসঙ্গে ইম্ফল-চূড়াচান্দপুর রাস্তাও অবরোধ করে কুকিদের বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা।
তিনবারের কুকি বিধায়ক ভালতে গুরুতর আহত হন ২০২৩ সালের ৪ মে। তাঁর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সশস্ত্র মৈতেই জনগোষ্ঠীর যুবকরা ভালতেকে ব্যাপক মারধর করে। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ভালতে। অবশেষে এবছরের ২০ ফেব্রুয়ারি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় ভালতের। মণিপুরের পরিস্থিতি এমনই যে মৃত্যুর ৪ মাস পর তাঁকে সমাহিত করা হল।
কংগ্রেস প্রার্থী হিসেবে ভালতে প্রথম বিধায়ক হয়েছিলেন ২০১২ সালে। তারপর তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৭ সালে ফের নির্বাচিত হন। তখন তাঁকে মণিপুরের জনজাতি বিষয়ক ও পরিবহণ মন্ত্রী করা হয়। ২০২২ সালে ফের চূড়াচান্দপুর থেকে বিধায়ক হন ভালতে।