বাগবাজারের পুজো নিয়ে নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট

24

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বাগবাজারের পুজো মানেই সাবেকী। বাগবাজারের পুজো মানেই ঐতিহ্য । তবে এবার আইনি জটের মুখে পড়েছিল সেই সাবেকী পুজো। কলকাতা হাইকোর্টে মিলল স্বস্তি। বাগবাজারের পুজো নিয়ে নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, যে পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে তা ঠিক।

কলকাতা হাইকোর্টের নির্দেশ , পুজো ও পুজোকে কেন্দ্র করে হওয়া মেলা কোনওভাবেই বন্ধ করা যাবে না। নিম্ন আদালতের নির্দেশে যে কাস্টিং ভোট হয়েছিল, তা সঠিক। তাই বাগবাজারের পুজো নিয়ে আর কোনও জট রইল না।

দীর্ঘদিন থেকেই সমস্যা চলছিল।‌ বাগবাজারের পুজো কমিটির যেভাবে গঠন হয়েছে , সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বাগবাজার পুজো কমিটি এবং ক্লাব পরিচালনার কমিটির জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ভোটের পর দেখা যায়, ১২ জন ম্যানেজিং কমিটির সদস্যের মধ্যে চারজনের ক্ষেত্রে টাই হয়েছে। পাশাপাশি সম্পাদক দুই প্রার্থীর মধ্যে ভোট সংখ্যা অনুসারে টাই হয়। তালিকায় মোট ৭৭ জন ভোটার থাকলেও, নির্বাচনে ৬৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। তারপরই তৈরি হয় জটিলতা। এরপর নিম্ন আদালতের দ্বারস্থ হয় এক পক্ষ।

নিম্ন আদালত নির্দেশ দেয় যে কাস্টিং ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। নিম্ন আদালতে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান ক্লাবের অন্যতম সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। কিন্তু হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি।

আবেদনকারী দাবি করেন, নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী যেভাবে কাস্টিং ভোট করা হয়েছে, সেই প্রক্রিয়া সঠিক নয়, সেই প্রক্রিয়াকে খারিজ করে কলকাতা হাইকোর্ট।