অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী ছাউনি ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে

24

পৃথা দাশগুপ্ত,কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী কাঠামো। আজ সকালে সাংসদের কালীঘাটের বাড়িতে পৌছয় বুলডোজার। গতকাল রাত থেকেই অস্থায়ী ছাউনি ভাঙার কাজ শুরু হয়েছিল। আজ সেই অস্থায়ী কাঠামো পুরোপুরি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল। সরানো হয়েছে ফুটপাথ দখল করে তৈরি হওয়া গেটও। সমস্ত সরঞ্জাম পরিষ্কার করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।

এমনকী যে পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছিল, আজ সকালে পুরসভা এবং পুলিশের উপস্থিতিতে সেটাও সরিয়ে ফেলা হয়েছে । সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় মোতায়েন বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

বেশ কিছুদিন আগেই বাড়ির সামনে ফুটপাথ দখলের অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যাতেই সাংসদের বাড়িতে পৌঁছে যান পুলিশ। কিন্তু বুলডোজার অ্যাকশনের আগেই অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

আজ সকালে একবারে বুলডোজার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান পুরসভা এবং পুলিশের আধিকারিকরা। সকাল থেকে শুরু হয় অ্যাকশন। বুলডোজার চালিয়ে ভাঙা হয় বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় সাংসদের বাড়ির বাইরে ফুটপাথ আটকে তৈরি হওয়া লোহার গেটও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন। সেইসময় নিরাপত্তারক্ষীদের থাকার জন্য ওই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। এখন তার প্রয়োজন নেই। তাই ওই ছাউনির ও প্রয়োজন নেই বলে জানা গেছে।

এই ছাউনিটি ‘ডায়রেক্টর অফ সিকিউরিটির’ তরফে দাবি করা হয়েছিল। এখানে পুলিশ, নিরাপত্তারক্ষী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এসে বসতেন একটা সময়। কখনও আবার কেক কেটে জন্মদিন পালন করা হত।
সেই জায়গা এখন সম্পূর্ণ খালি।