২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন মাশুলহীন, কেন্দ্রের ঘোষণায় সমালোচনা কংগ্রেসের

27

নিউজ ডেস্ক: ইউপিআইয়ের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেন মাশুলহীন। এই পরিমাণ টাকা লেনদেনে গ্রাহকদের থেকে মাশুল নিতে পারবে না ব্যাংক বা কোনও সংস্থা। সরকারি নির্দেশ জারি করে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রুপে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নিয়ম।
ইউপিআইয়ের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রেরক এবং গ্রাহক, কারও থেকে মাশুল নেওয়া যাবে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ২৪ হাজার কোটির বেশি বার ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা।
ইউপিআই লেনদেন সংক্রান্ত বিল সংসদে পাস হয়েছে, যার নাম পেমেন্ট অ্যান্ড সেট্‌লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭। ইউপিআই পেমেন্টে বর্তমানে কোনও চার্জ বা ফি কার্যকর করার প্রস্তাব নেই। কিন্তু সরকার ভবিষ্যতে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস চার্জ বা লেভি নেওয়ার অনুমতি দিতে পারবে, সেই সংস্থান রয়েছে বিলে। বিভিন্ন মহলে বিলের সমালোচনা হয়েছিল। তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে, যিনি টাকা দিচ্ছেন তাঁকে মাশুল দিতে হবে না, মাশুল দেবে শুধু ব্যবসায়ীরা। এবার কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ২০০০ টাকা পর্যন্ত লেনদেন থাকবে মাশুলহীন।
কেন্দ্রের বিজ্ঞপ্তির সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষে বলা হয়েছে,
জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন। এখন সরকার ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মাশুল বা চার্জ ধার্য করবে। সরকারের পরিকল্পনা হল ২,০০০ টাকার বেশি প্রতিটি ইউপিআই লেনদেনের ওপর ০.৫% হারে চার্জ আদায় করা। যার অর্থ যদি আপনি ৫,০০০ টাকার কেনাকাটা করেন, তবে ২৫ টাকা চার্জ কাটা হবে। আর যদি ১০,০০০ টাকার কেনাকাটা করেন, তবে ৫০ টাকা নেওয়া হবে। আগে ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যেত, কিন্তু নরেন্দ্র মোদী তা সহ্য করতে পারেননি এবং এখানেও টাকা আদায়ের খেলা শুরু করেছেন।