পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে জাতীয় মানের ‘বন্দে মাতরম মিউজিয়াম’ তৈরি হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিট থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তৃণমূল সরকারকেও আক্রমণ করতে ভুললেন না শুভেন্দু।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে জন্মজয়ন্তী পালন হয়। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বলেন,” এই প্রথমবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক বাসভবনে জন্মজয়ন্তী পালন করছে। বাংলা ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ গান স্বাধীনতা সংগ্রামের সময় দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। তাই তাঁর জন্মজয়ন্তীতে ‘বন্দে মাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন ” বঙ্কিমচন্দ্রের রচিত ‘বন্দে মাতরম্’ শুধু একটি গান নয়, এটি দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। তা সংরক্ষণের জন্যই রাজ্যে জাতীয় মানের ‘বন্দে মাতরম মিউজিয়াম’ তৈরি করা হবে।” মিউজিয়ামে রাখা থাকবে বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকীর্তি, স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’-এর ভূমিকা।
আজ এই অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের তৃণমূল সরকার তোষণের রাজনীতি করেছে। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকার বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনাকে গুরুত্ব দিচ্ছে।