রাজ্যের স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’

24

১৪ মে, ২০২৬, দেবারতি ঘোষ ও রণজয় মুখার্জি: রাজ্যের সমস্ত স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলক করা হল জাতীয় গান বন্দে মাতরম। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সমস্ত সরকারি স্কুলে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে। সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনার সময় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সমস্ত সরকারি স্কুলের প্রার্থনায় বন্দে মাতরম বাধ্যতা মূলক করা হয়। নবান্নে গিয়ে এই সংক্রান্ত নির্দেশিকা দেবেন। সেই মতো মুখ্যমন্ত্রী নবান্নে পৌঁছে নির্দেশ দিতেই বিকাশ ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে বিকাশ ভবন থেকে আগেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। এবার রাজ্যের স্কুলগুলিতেও নির্দেশিকা পাঠানো শুরু করেছে বিকাশ ভবন।

শিক্ষা দফতরের নির্দেশিকা

বিকাশ ভবন সূত্রে খবর, সব সরকারি স্কুলের প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া যাতে সুষ্ঠু ভাবে শুরু করা যায়, তার আগাম প্রস্তুতির জন্য বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। জাতীয় গান নিয়ে এই সরকারি নির্দেশ কার্যকর হবে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রেই। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও এই অনুশীলন শুরুর অনুরোধ করা হবে বলে জানা গিয়েছে।

গতবছর বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে সংসদে আলোচনা হয়। সেই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বিজেপিকে বাংলা বিরোধী অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। সদ্য শেষ হওয়া বিধানসভার ভোটেও তৃণমূল নেতৃত্বের প্রচারে বারবার উঠে এসেছে নরেন্দ্র মোদীর বঙ্কিমদা প্রসঙ্গ। কোচবিহার থেকে কাকদ্বীপ বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিযোগ তোলে তৃণমূল। তবে বাংলায় প্রচারের সময় নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একাধিকবার সম্মান জানিয়েছিলেন । এবার পালাবদলের পর বাংলার স্কুলে স্কুলে বাধ্যতামূলক করা হল বন্দে মাতরম।