পৃথা দাশগুপ্ত, কলকাতা: আরজি কর-কাণ্ডে অভয়ার পরিবার পৃথক এফআইআর দায়ের করেছিল। এ বার সেই এফ আই আর – এর ভিত্তিতে তদন্তভার সিবিআইয়ের হাতেই দিল কলকাতা হাইকোর্ট।
আজ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ধর্ষণ-খুনের মূল মামলার তদন্ত যখন কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই করছে তখন একই ঘটনার সূত্রে হওয়া পৃথক মামলার তদন্ত রাজ্য পুলিশ করবে না।
পরিবারের অভিযোগ ছিল, চিকিৎসকের মৃত্যুর পরে দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, দ্রুত দাহ এবং ঘটনার একাধিক দিক নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। সেই অভিযোগ ঘিরে পৃথক এফ আই আর হয়।
কলকাতা হাইকোর্ট ঘটনার দিন রাত থেকে পরের দিন দাহ পর্যন্ত কী কী হয়েছিল তার ঘটনা প্রবাহ খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলকে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য,খড়দহ থানার আইসি ও তদন্তকারী অফিসার আজ কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন। মারাত্মক তোপের মুখে পড়েন তাঁরা। এমনকি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়ার ইঙ্গিতও দিয়েছে আদালত।
কোর্টের পর্যবেক্ষণ, একই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়ে সিবিআই তদন্ত করছে, আদালত সেই তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং রিপোর্টও জমা পড়ছে। তার পরেও কী ভাবে রাজ্য পুলিশের পৃথক তদন্ত শুরু হল? ফলে অভয়ার পরিবারের পৃথক এফআইআর এ বার তদন্তভার সিবিআইয়ের হাতেই দিল কলকাতা হাইকোর্ট।