সাধারণ মানুষকে আটকানো যাবে না: হিমন্ত

36

নিউজ ডেস্ক: শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ের জন্য একটি অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপরই মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে কখনো সাধারণ মানুষকে আটকানো বা তাদের বিলম্ব করানো যাবে না।
শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ের জন্য রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে আটকে রাখার ঘটনার ঠিক পরের দিনই নির্দেশিকা জারি করেছে মুখ্যমন্ত্রীর দফতর। ইতিমধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে চার পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে রোগী ও তাঁর পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন।
৩০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা ওই নির্দেশে বলা হয়েছে যে, ভিআইপি কনভয়ের চলাচলের কারণে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি এবং অন্যান্য জরুরি পরিষেবার গাড়ির গতিপথ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে আগেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্দেশে জোর দিয়ে বলা হয়েছে, কোনও অবস্থাতেই ভিআইপি কনভয়ের চলাচলের কারণে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবার গাড়ির চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।
মুখ্যমন্ত্রীর কার্যালয় আরও নির্দেশ দিয়েছে যে, ভিআইপি চলাচলের সময় ট্রাফিক ব্যবস্থাপনায় এমন ব্যবস্থা রাখতে হবে যাতে জরুরি পরিষেবার গাড়ির কোনও বিলম্ব বা বাধার সৃষ্টি না হয়। প্রয়োজনে, জরুরি গাড়িগুলোর দ্রুত চলাচলের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর কনভয়কেও থামিয়ে দেওয়া যেতে পারে।
নির্দেশে বলা হয়েছে, কনভয় চলাকালীন সব পরিস্থিতিতেই জরুরি পরিষেবার গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি এবং পুলিশের জরুরি সাড়া প্রদানকারী ইউনিটকে নিরবচ্ছিন্নভাবে চলাচলের সুযোগ দিতে হবে।
নির্দেশিকায় কর্মকর্তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যেন মুখ্যমন্ত্রীর কনভয়ের কারণে সাধারণ যান চলাচলে কোনও অনাকাঙ্ক্ষিত ব্যাঘাত না ঘটে বা সাধারণ মানুষের কোনও ভোগান্তি সৃষ্টি না হয়।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কনভয়ের আকার কমিয়ে নিরাপত্তা ও জরুরি পরিচালনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক গাড়িতে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) আরও নির্দেশ দিয়েছে যে, মুখ্যমন্ত্রী যেসব কর্মসূচিতে অংশ নেবেন, সেখানে উপস্থিত মন্ত্রী, বিধায়ক, কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যেন তাঁর কনভয়ের অংশ না হন বা কনভয়ের পাশাপাশি না চলেন। তাঁদের গাড়িগুলোকে হয় গন্তব্যের উদ্দেশে আগেভাগে রওনা হতে হবে, অথবা মুখ্যমন্ত্রীর কনভয় চলে যাওয়ার পর আলাদাভাবে যেতে হবে।