উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল

39

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাত পোহালেই নন্দীগ্রামের উপনির্বাচন। আজ নন্দীগ্রামের আইসি অজয়কুমার মিশ্রকে সরিয়ে দেবাশিস সরকারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ভোটের ঠিক আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।‌

দেবাশিস সরকার বর্তমানে পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইন্সপেক্টর হিসেবে কর্মরত।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে এই বদলি কার্যকর করতে হবে। পাশাপাশি, নতুন আইসি দেবাশিস সরকারের যোগদানের বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যার মধ্যেই কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের সব অফিসার বদলে দেওয়া হয়েছিল। আই সি‌,‌ওসি ,‌ডিসি থেকে জেলার বিভিন্ন আধিকারিকও । নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করাই ছিল নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য।

ভোটের ফল প্রকাশের পর নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথকে সরিয়ে অজয়কুমার মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়। ফের নন্দীগ্রামের আইসি বদল করা হল উপনির্বাচনের ঠিক আগের দিন ।‌

নির্দেশিকায় আলাদা করে কোনও কারণ উল্লেখ করা হয়নি। নতুন আইসি বদলির নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছ নির্বাচন কমিশনের তরফে।

রাত পেরোলেই নন্দীগ্রামে উপনির্বাচন। এবার বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী । দুটি আসনেই জেতেন তিনি। নিয়ম মেনে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। সেই কারণেই ওই আসনে ফের নির্বাচন হচ্ছে।