নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত

32

নিউজ ডেস্ক: দেশকে বিশ্বকাপ খেতাব, এশিয়ান গেমসের সোনা জিতিয়ে নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর।
গত বছর একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি বিভাগেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অধিনায়কত্ব ছাড়ার পর তিনি বলেছেন, এখন খেলার প্রতি ভালোবাসার টানে আবারও খেলতে প্রস্তুত।
৩৭ বছর বয়সি হরমানপ্রীত ভারতকে ৫ টেস্ট, ৫১ ওয়ানডে এবং ১৫৫ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তাঁর শেষ সাফল্য গত মাসে নিশিনে ভারতকে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দেওয়া।
সোমবার গুয়াহাটিতে ভারতীয় মহিলা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়ার সঙ্গে হরমনপ্রীত, দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমল মুজুমদারের বৈঠক হয়েছিল। পরেরদিনই নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন হরমনপ্রীত।
এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না, লিখেছেন হরমনপ্রীত, এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন সব মুহূর্ত যা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে। এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। আমার রক্ত, ঘাম, সময় এবং অনেক ক্ষেত্রেই আমার নিজের খেলা ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার একটি অংশও। এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি এবং নিজের চাওয়া-পাওয়াকে একপাশে সরিয়ে রাখতে হয়েছে, কারণ আমি বিশ্বাস করতাম, দলের স্বার্থই সবার আগে।
হরমনপ্রীত বলেছেন, অধিনায়ক হিসেবে আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত যা সবসময় সবাই বোঝেনি বা যা নেওয়া সহজ ছিল না এবং কখনো কখনো যার জন্য আমাকে ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটাই উদ্দেশ্য ছিল— দলকে আরও শক্তিশালী করে তোলা এবং অন্য ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া যাতে তারা নিজেদের আরও উন্নত করতে পারে, নিজেদের ওপর আস্থা রাখতে পারে এবং নিজেদের সেরা রূপে গড়ে তুলতে পারে।
অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, বিশেষ করে এবছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর। অমিতা শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মধ্যে এনিয়ে মতভেদ ছিল, তবে হরমনপ্রীত লস এঞ্জেলেসে অনুষ্ঠেয় ২০২৮ সালের অলিম্পিকে ভারতের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
হরমনপ্রীত বলেছেন, আজ আমি আবেগঘন হৃদয়ে, কিন্তু একইসঙ্গে মানসিক প্রশান্তি নিয়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। কারণ আমি বিশ্বাস করি যে এই দল এখন খুব ভালো অবস্থানে রয়েছে। তাদের ভবিষ্যৎ দেখার জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত।
হরমনপ্রীত লিখেছেন, এখন আমার জন্য নতুন অধ্যায় শুরুর সময়। হয়তো আজই অধিনায়কত্বের ইতি ঘটছে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না।
সম্প্রতি স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করার দাবি জোরালো হয়েছে। গত ছয় মাসে স্মৃতি মান্ধানা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজের প্রস্তুতির কথা স্পষ্টভাবে জানিয়েছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দুটি ডব্লিউপিএল শিরোপা জিতিয়ে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন।
হরমনপ্রীত ২০১২ সালে প্রথমবার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন। তবে ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরই তাঁকে এই পদের জন্য একজন জোরালো দাবিদার হিসেবে বিবেচনা শুরু হয়।
মিতালি রাজের পর ভারতের ক্যাপ্টেন হন হরমনপ্রীত। ২০১৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে রানার্স-আপ করেছিলেন।