ব্যুরো রিপোর্ট, গুয়াহাটি: জমি বিক্রির অনুমতি প্রদানের জন্য চাই মোটা অঙ্কের ঘুষ। আর সেই ঘুষ নিয়ে গ্রেফতার হলেন এক উচ্চ পদস্থ আধিকারিক। ধৃত আধিকারিকের নাম লাচিত কুমার দাস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখা গ্রেফতার করে লাচিত কুমার দাসকে।

সূত্রের খবর জমি বিক্রির অনুমতির জন্য ACS আধিকারিক লাচিত কুমার দাস এক লক্ষ টাকা দাবি করেছিলেন। বৃহস্পতিবার রূপনগরস্থিত ডিরেক্টর অব ল্যান্ড রেকর্ডসের কার্যালয়ে ৫০ হাজার টাকা নিয়ে আসেন জমি বিক্রেতা। সঙ্গে সাদা পোশাকে ছিলেন মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখার সদস্যরা। এক লক্ষ টাকার মধ্যে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হবে। সেই মতেই টাকা নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। আর এই লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েন আধিকারিক লাচিত কুমার দাস।
ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত আধিকারিককে ম্যারাথন জেরা চালাচ্ছে তদন্তকারী সংস্থা। দায়ের করা হয়েছে একটি মামলাও। ওই মামলার নম্বর হচ্ছে ১৯/২০২৬।