পৃথা দাশগুপ্ত,কলকাতা: দলীয় পদে বসানোর নাম করে টাকা নেওয়ার অভিযোগ। গ্রেফতার প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অজিত মাইতি। আজ সকালে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজই তাঁকে আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অজিত মাইতি তৃণমূলেরই এক প্রাক্তন অঞ্চল সভাপতির কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই ব্যাক্তি অজিত মাইতির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অজিত মাইতিকে গ্রেফতার করে।
অজিত মাইতি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের দীর্ঘদিনের নেতা। পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলানোর পাশাপাশি বিধায়কের দায়িত্বও সামলেছেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি।
আজ তাঁকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে পুলিশ।