ডিমকান্ডে মহুয়ার আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে, সুজিতের দ্রুত শুনানির আর্জি মঞ্জুর

44

পৃথা দাশগুপ্ত,কলকাতা:একই দিনে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলার দ্রুত শুনানির আবেদন তিন হেভিওয়েটদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে এই তিন হেভিওয়েটের আবেদনের ভাগ্যে তিন রকম সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট। মহুয়া মৈত্রর দ্রুত শুনানির আর্জি খারিজ । ইডির হাতে গ্রেফতার হওয়া সুজিত বসুর জামিনের মামলার শুনানি মঙ্গলবার দুপুর হওয়ার কথা । অতীন ঘোষের মামলার শুনানি বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

১ জুলাই নদিয়ার কালীগঞ্জে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ও ইট ছোড়ে এবং ‘চোর’ স্লোগান দেয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন সাংসদ।

মহুয়া মৈত্রর দিকে ডিম, পোড়া বেগুন ও ইট ছোড়ার ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন মহুয়া মৈত্র। পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু মহুয়া মৈত্রের অভিযোগ ছিল পুলিশ নিষ্ক্রিয়। তাই তিনি আইনি সুরক্ষার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য মামলাটির জরুরি শুনানির আবেদন জানালে বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন। বিচারপতি মন্তব্য , ‘‘এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে।’’ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলা দায়েরের পর নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই এর শুনানি হবে।

পুর নিয়োগ দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিনের মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। হাইকোর্টে সুজিত বসুর পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালত এই আবেদন মঞ্জুর করেছে এবং আজ এই মামলার শুনানির সম্ভাবনা।

জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, ‘‘ভিভিআইপি মামলার জন্য অনেক সাধারণ মানুষের মামলার শুনানি আটকে থাকছে।’’ আগামী বৃহস্পতিবার অতীন ঘোষের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।