দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার

28

নিউজ ডেস্ক: দিল্লি সফরের শেষ দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম রাষ্ট্রপতিভবনে যান অসমের মুখ্যমন্ত্রী।


টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গত শনিবার দিল্লি সফরে যান মুখ্যমন্ত্রী। এই সফরের শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। আর শেষ হল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। বুধবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে প্রতিবার সাক্ষাতে গভীরভাবে অনুপ্রাণিত হই। তাঁর তাঁর স্নেহ, আশীর্বাদ এবং অনুপ্রেরণামূলক বার্তা আমাদের নতুন উদ্যমে জনসেবার পথে এগিয়ে যেতে শক্তি যোগায়।’
বুধবারই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে শিলং যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার শিলঙে অনুষ্ঠিত হবে নর্থ-ইস্ট কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে যোগ দিয়ে ওইদিন বিকেলে গুয়াহাটি ফিরবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে হবে মন্ত্রিসভার সম্প্রসারণ।